রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী সংগঠন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ PM

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী সংগঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৪:৪১:৫৯ PM

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী সংগঠন


বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সিলেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তে একমত হয়েছেন ব্যবসায়ী নেতারা। তবে নির্ধারিত সময়ের পর কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখলে এবং এ কারণে আইনি জটিলতায় পড়লে তার দায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে বহন করতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন তাঁরা। কোনো ব্যবসায়ী সংগঠন এ দায় নেবে না। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের এক যৌথ বৈঠকে এ অবস্থান জানানো হয়।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সমন্বয় আরও কার্যকর করার লক্ষ্যে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে সিলেট জেলা-মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুলিশ কমিশনার বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান।

জবাবে বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আব্দুর রহমান রিপন বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সরকারের নেওয়া এই সাময়িক সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। তবে কিছু ব্যবসায়ী এখনো রাত ৮টার পর দোকান খোলা রাখছেন। আগামী রোববার থেকে কেউ নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখলে এবং এ কারণে আইনি সমস্যায় পড়লে ব্যবসায়ী সমাজ বা কোনো সমিতি তার দায় নেবে না। আইন অমান্যের দায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকেই বহন করতে হবে।

বৈঠকে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মাওলানা খাইরুল হোসেন এবং কোষাধ্যক্ষ জহির হোসেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর