সিলেটে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নতুন এ মৃত্যুর ফলে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে শুক্রবারে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৩৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন ভর্তি আছেন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জে দুজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেটের এবং একজন সুনামগঞ্জের।
সিলেটের মৃত শিশুদের একজন উদ্ভব। তার বয়স পাঁচ মাস। ফেঞ্চুগঞ্জের বাসিন্দা উদ্ভব শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর শিশুটির বয়স নয় মাস ১১ দিন। সিলেটের টুকেরবাজার এলাকার এই শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অন্যদিকে, সুনামগঞ্জে মারা যাওয়া শিশু হুমায়রার বয়স ১১ মাস। সে ছাতক উপজেলার ফয়জারাবাজার এলাকার বাসিন্দা এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
জেলাভিত্তিক পরিসংখ্যানেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত সিলেটে সন্দেহজনক হাম রোগে ৫৫ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ১৬ ও চারজন, মৌলভীবাজারে ১২ ও একজন এবং সুনামগঞ্জে ৫৮ ও একজন। বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ১৫১ জন।
প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যাও বাড়ছে। এর মধ্যে একদিনে তিন শিশুর মৃত্যুর ঘটনায় সিলেটের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনমনে তৈরি হয়েছে শঙ্কা।
আজকের সিলেট/ জেকেএস









