হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ দুই যানবাহন জব্দ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ PM

হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ দুই যানবাহন জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৪:৪১:৪৬ PM

হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ দুই যানবাহন জব্দ


ভারতীয় অবৈধ পণ্য পরিবহন ঠেকাতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও দুটি যানবাহন জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পু, মেহেদি, চা পাতা ও জিরা।

বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্ত পিলার ১৯৪৬-এম থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গান্ধীছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি পিকআপ জব্দ করা হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার ও শ্যাম্পু উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

অন্যদিকে, ভারতীয় অবৈধ পণ্য একটি কাভার্ড ভ্যানে করে পরিবহন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ জন্য সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ২০ নম্বর চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অবস্থান নেন বিজিবির সদস্যরা।

চেকপোস্টে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা কাভার্ড ভ্যানটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি উদ্ধার করে বিজিবি। তল্লাশির সময় মাছের খাবারের বস্তার মোড়কের আড়ালে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, কাবেরী মেহেদি ও জিরা পাওয়া যায়। অভিযানে ওই পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্য ও দুটি যানবাহন কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর