সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুক্রবার তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম ও প্রতাপপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযানগুলো চালানো হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, গরু, মহিষ, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং, মোটরসাইকেল ও রসুন। এর পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত বাংলাদেশি বারকি নৌকাও জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানের পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৩৪ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাপুরে চার পিকআপসহ ভারতীয় পণ্য আটক
এর আগে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় চোরাচালানের পণ্যবোঝাই চারটি পিকআপ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন চারিকাটা ইউনিয়নের আঞ্জা গ্রামে ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব যানবাহন ও পণ্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৫০ বস্তা ভারতীয় জিরা, ৪৩৪ পিস ভারতীয় শাড়ি এবং ৭ লাখ ১৪ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করা হয়েছে।
জব্দ করা জিরার আনুমানিক মূল্য ৯ লাখ ৭৫ হাজার টাকা। ভারতীয় শাড়িগুলোর মূল্য প্রায় ২২ লাখ ১২ হাজার টাকা এবং নাসির উদ্দিন বিড়ির মূল্য আনুমানিক ১৪ লাখ ২৮ হাজার টাকা।
চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত চারটি EX2 ACE পিকআপও এ সময় জব্দ করা হয়। গাড়িগুলোর আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপগুলোর চালকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর তাঁদের পাশাপাশি সংশ্লিষ্ট চোরাকারবারিদের পরিচয় ও ঠিকানা শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য ও চারটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালক ও চোরাকারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








