নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা, ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ AM

নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা, ৫০ হাজার টাকা জরিমানা

মো: আশরাফুল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ১০:৫২:৪৫ PM

নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা, ৫০ হাজার টাকা জরিমানা


হবিগঞ্জের নবীগঞ্জে নিবন্ধন ও এমবিবিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার এবং অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শনের অভিযোগে কাজী দেলোয়ার আহমেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযান সূত্রে জানা যায়, পানিউমদা ইউনিয়নের কুর্শা গ্রামের কাজী মহসিনের ছেলে কাজী দেলোয়ার আহমেদ দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসা-সংক্রান্ত ডিগ্রি ও নিবন্ধন ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবার নামে প্রতারণা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিবন্ধন ছাড়া নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শন, মেডিক্যাল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় কাজী দেলোয়ার আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নবীগঞ্জ থানার একটি পুলিশ দল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদ সহযোগিতা করেন।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে চিকিৎসাসেবায় অনিয়ম, প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর