ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ও স্থল বন্দর পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। পরিদর্শনের সময় মাননীয় মন্ত্রী স্থল বন্দরের সম্মুখভাগের অব্যবহৃত জায়গায় মাস্টারপ্ল্যান পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১টি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণপূর্বক তা দ্রুততম সময়ে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে নির্দেশনা প্রদান করেছেন।
পরিদর্শনকালে অতিথিগণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন অঞ্চলে অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নের নানামুখী সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিউক আইন অনুযায়ী এই পর্যটন অঞ্চলসমূহের সার্বিক উন্নয়নের দায়িত্ব সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ওপর বর্তায়।
পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি









