মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আহত অবস্থায় আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশত পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অবস্থান নিয়ে অভিযান চালানোর সময় ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিদের বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চোরাকারবারি দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বলাই দাসকে আহত অবস্থায় আটক করতে সক্ষম হয় বিজিবি।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং পাঁচশত পিস ইয়াবা পাওয়া যায়। এসব সামগ্রী জব্দ করা হয়েছে।
বিজিবির অধিনায়ক আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 








