মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ২ ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে চাচার বিরুদ্ধে। এছাড়াও হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতদের মা।
মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে জমির বিরোধ নিয়ে গত ২৬ মে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে দক্ষিণ কাঠালকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের ২ ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তারকে (২৮)হত্যা করেন। নিহতরা গ্রামের আবু মিয়ার মেয়ে। মাসুক আলীর অস্ত্রের আঘাতে তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগমকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির মাছুমা বেগম ও শারমিন আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আজকের সিলেট/ডি/এসটি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








