সিলেট-তামাবিল সড়কের পীরের বাজার এলাকায় ট্রাকচাপায় নাঈম আহমদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। নিহত মো. নাঈম আহমদ সদর উপজেলার পীরেরবাজার বালিটিকর গ্রামের মো. মুকিত মিয়ার ছেলে।
সোমবার রাতে সিলেট সদর উপজেলার শাহপরাণ থানাধীন পীরেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাঈম আহমদ বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এমন সময় বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি পেছন থেকে এসে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় নাঈম ট্রাকের নিচে চাপা পড়লে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে নাঈমকে পিষ্ট করে দেয়। তখন আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে চালক পালিয়ে যায়।
শাপরাণ থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তরুণের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি









