হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল কাশেম (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের ছেলে। লাশটি পার্শ্ববর্তী অলিপুর গ্রামের সোনাই নদীর পাড়ে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
রোববার সকালে প্রতিবেশীরা সোনাই নদীর পাড়ে গাছের ডালের সঙ্গে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পান। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, আবুল কাশেম মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি সায়হাম গ্রুপের একজন শ্রমিক হিসেবে কাজ করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








