হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে আবারও ধস, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৯ AM

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে আবারও ধস, আতঙ্কে এলাকাবাসী

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০৬:১৯:৩৪ AM

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে আবারও ধস, আতঙ্কে এলাকাবাসী


হবিগঞ্জের খোয়াইসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। এর ফলে খোয়াই নদীর পাড় ঘেঁষা এলাকাগুলোর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। খোয়াই নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভাঙার আশঙ্কা

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে খোয়াই নদীর পানি হঠাৎ করে বেড়ে যায়। যদিও এখনো পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে নদীর বাঁধে কাঁচা অংশে ধস দেখা দিয়েছে। বিশেষ করে হবিগঞ্জ ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধের কিছু অংশ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশপাশে অবস্থান নিয়ে বাঁধ পাহারা দিচ্ছেন। বাঁধ ভেঙে গেলে বৃহৎ এলাকা প্লাবিত হয়ে চরম ভোগান্তির মুখে পড়বেন হাজারো মানুষ।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টি থামায় বন্যার সম্ভাবনা অনেকটাই কমেছে। তবে ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকায় যদি আবার বৃষ্টি হয়, তাহলে খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

তিনি আরো বলেন, হবিগঞ্জ খোয়াই নদীর ভাদৈ এলাকায় বাঁধে ধস দেখা দেওয়ায় জরুরি বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বাজেট অনুমোদন হলেই দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন। একই সঙ্গে নদীপাড়ে স্বেচ্ছাশ্রমে পাহারা চালিয়ে যাচ্ছেন স্থানীয় তরুণরা। সবাই বন্যা ও বাঁধ ভাঙনের আশঙ্কা থেকে মুক্তি পেতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছেন

আজকে সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর