হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই গ্রামের আরজু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭) ও ছেলে নবিউর রহমান (৪)।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের পশ্চিম বড়াব্দা (নালপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাদিয়া ও নবিউর বাড়ির সামনের একটি পুকুর পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুই ভাই-বোন পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেকক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের নিথর দেহ ভেসে উঠতে দেখা যায়।
তৎক্ষণাৎ স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তাদের বাবা আরজু মিয়া ও মা ওমেরা খাতুন। সন্তানদের হারিয়ে তাঁরা পাগলের মতো বিলাপ করছেন। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুদ্বয়ের মৃত্যুতে এলাকার মানুষজনও শোকাহত হয়ে পড়েছেন। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








