কানাইঘাটে জামায়াত নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫১ PM

কানাইঘাটে জামায়াত নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৮:৫৭:১৩ AM

কানাইঘাটে জামায়াত নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা


কানাইঘাটের রাজাগঞ্জে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যাকান্ডের স্বীকার হয়েছেন জামায়াতে ইসলামের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা শিহাব উদ্দিন (৪২)। এ ঘটনায় বুধবার নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিহাব উদ্দিন উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালগ্রামের মৃত মজু মিয়ার পুত্র ব্যবসায়ী ও রাজাগঞ্জ ইউনিয়ন শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার রাতে শ্রমিক নেতা শিহাব উদ্দিন হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি আব্দুল আউয়াল। এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল আউয়াল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় খালপার সমিল সংলগ্ন স্থানে গাড়ী থেকে ইট আনলোড করাচ্ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিত ভাবে একই গ্রামের ইসলাম উদ্দিন বগলাইয়ের চার ছেলে শিব্বির আহমদ (২৭), শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩), কামাল আহমদ (৩৯) ও মৃত আনফর আলীর পুত্র লুৎফুর রহমানসহ (৪৮) অজ্ঞাতনামা আরও ৪/৫জন দলবদ্ধ হয়ে ছুরা, রাম দা, লোহার পাইপ, ইত্যাদি সহকারে শিহাব উদ্দিনকে পূর্ব আক্রোশে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে আক্রমন করে।

হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিহাব উদ্দিনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা জানান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা শিহাব উদ্দিনের হত্যাকারীরা রাজাগঞ্জ ইউনিয়নের চিহ্নিত যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের মধ্যে হত্যাকারী লুৎফুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শহিদুল ইসলাম ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার ভাই শিব্বির যুবলীগ নেতা। এদের চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় মূলত; শিহাব উদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর