সবুজ চা বাগানে বাড়তি সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৩ PM

সবুজ চা বাগানে বাড়তি সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১১:২০:৪২ AM

সবুজ চা বাগানে বাড়তি সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া


চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের সবুজ চা বাগানের পথে এখন বাড়তি শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল। চা বাগানের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে কৃষ্ণচূড়ার টকটকে লাল ফুল যেন এক নতুন মাত্রা যোগ করেছে। এ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ছেন পর্যটকরা।

প্রতি বছরের এপ্রিল-মে মাসে ভানুগাছ সড়কের বধ্যভূমি ‘৭১ থেকে বিটিআরআই পর্যন্ত সড়কজুড়ে রঙিন হয়ে ওঠে কৃষ্ণচূড়া ফুলে। একইভাবে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান সড়কেও ফুটে ওঠে কৃষ্ণচূড়া। সবুজ চায়ের বাগানের মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ ধরে ফুটে থাকা এই ফুলের দৃশ্য পথচারী ও পর্যটকদের দিচ্ছে বাড়তি আনন্দ। একই দৃশ্য শহরের অলি-গলি বাসা-বাড়ীতে এবং রাস্তার পাশে।

শহর থেকে ভানুগাছ সড়কে প্রবেশ করতেই বধ্যভূমি ‘৭১ এর সামনে বরণ করে নেবে কৃষ্ণচূড়ার লালচে সৌন্দর্য। শুধু এখানেই নয়, ফিনলে চা বাগান ঘেঁষা কালিঘাট রোডেও ছড়িয়ে রয়েছে এ ফুলের বাহার। প্রতিদিন হাজারো পর্যটক ও স্থানীয় বাসিন্দা চলাচল করছেন এ সড়কগুলো দিয়ে।

সরেজমিন দেখা যায়, অনেকে এসেছেন কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে। কেউ ছবি তুলছেন, কেউ বা মোবাইল ক্যামেরায় বন্দি করছেন সবুজের মাঝে লালচে ফুলের মায়াবী দৃশ্য।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর