সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। হাসপাতালের চিকিৎসাসেবা,ওষুধে অনিয়ম এবং চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগের সত্যতা যাচাই করেন দুদুকের অভিযানিক দল। দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সরকারি ওষুধের ফার্মেসি, স্টোররুম ও প্রশাসনিক কক্ষের বিভিন্ন নথিপত্র যাচাই করে দুদক।
সোমবার বেলা ৩টার দিকে এই অভিযান পরিচালনা করেন সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।
দুদকের সহকারী পরিচালক জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা।
হাসপাতালের বিভিন্ন সময়ে বরাদ্দকৃত সরকারি ওষুধ ছাড়াও বিভিন্ন পণ্য ও টেন্ডারের মাধ্যমে ওষুধ ক্রয়ের কোন ডকুমেন্টস পাওয়া যায়নি। হাসপাতালে রোগীদের মানসম্মত সেবা না দেওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতায় দায়িত্বশীলদের অবেলার পাশাপাশি হাসপাতাল প্রধানসহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও ডাক্তাররা নিয়ম মেনে অফিস করেন না। সপ্তাহের প্রায় দিন হাসপাতালে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। সুলেমান নামের হাসপাতালের সাবেক এক কর্মচারী সংশ্লিষ্টদের সাহায্য নিয়ে অনিয়ম দুর্নীতি করার এমন তথ্য পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তা।
এদিকে দুদুকের আকস্মিক অভিযানের দিন হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবু্ুবুর রহমান অনুপস্থিত ছিলেন। তাই দাপ্তরিক অনেক কিছুই জানা ছিল না ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এই কর্মকর্তার।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








