হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে জিল্লুর রহমান নামের এক দোকানদারকে গভীর রাতে ঘুম থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একই গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুরকে ঘর থেকে বাইরে ডেকে নেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় জিল্লুরের।
ঘটনার খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ঘাতক জাহাঙ্গীর মিয়াকে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিল্লুর রহমান ছিলেন জাহাঙ্গীর মিয়ার চাচাত ভাই। কিছুদিন আগে একটি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছিলেন জিল্লুর, যার জেরেই তার প্রতি ক্ষুব্ধ ছিল জাহাঙ্গীর।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘাতকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকে সিলেট/এপি/প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








