হবিগঞ্জে পরীক্ষা ছাড়াই রিপোর্ট, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩০ AM

হবিগঞ্জে পরীক্ষা ছাড়াই রিপোর্ট, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০৬:২১:৫৯ AM

হবিগঞ্জে পরীক্ষা ছাড়াই রিপোর্ট, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


পরীক্ষা ছাড়াই রোগ নির্ণয়ের রিপোর্ট দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হবিগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা সদরের কোর্ট স্টেশন এলাকায় ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টার’ নামে ওই প্রতিষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।

ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান তামিমুর রহমান আকিব কয়েকদিন ধরে অনুপস্থিত। তারপরও রোগীদের প্যাথলজিক্যাল নানা ধরনের নমুনা নিয়ে পরীক্ষা না করেই তাদের রোগ নির্ণয়ের রিপোর্ট দেওয়া হচ্ছিল। পরীক্ষার জন্য মজুদ করে রাখা রিয়েজেন্টগুলোও ছিল মানহীন।  

অভিযানে আরও দেখা যায়, টেকনিশিয়ান উপস্থিত না থাকলেও তার স্বাক্ষর সংবলিত একাধিক রিপোর্ট রোগীদের দেওয়া হয়েছে, যা ভুয়া বলে প্রমাণিত হয়।  

অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস প্রতারণা, অনিয়ম এবং মানহীন রিয়েজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আসাদুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করেন এবং ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে দেন।

হবিগঞ্জ সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানটি সিলগালা করে চাবি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে যদি তারা মানসম্মতসেবা দেওয়ার উপযুক্ততা দেখাতে পারে, তাহলে পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করা হতে পার। অভিযানের মূল আয়োজনে ছিল সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ তাদের সহযোগিতা করেছে।

এ সময় সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্পের ক্যাপ্টেন মো. সামিউল হাসান ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মদিনা কালিয়াপুরীসহ অন্যান্য  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর