সিলেটের ওসমানীনগর উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে মো. মোজাম্মেল মিয়া ওরফে মুজাম্মিল নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে রায়ে তাকে আরো একলাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. মোজাম্মেল মিয়া মুজাম্মিল ওসমানীনগর উপজেলার দক্ষিণ কলারাই গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ দায়রা জজ স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যুগনীবিলে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত মরদেহ পাওয়া যায়। ওইদিন রাত ৮টার দিকে ওসমানীনগর থানার প্রাক্তণ ওসি এসএম মাঈন উদ্দিন ঘটনাস্থলের খসড়া মানচিত্র তৈরী করে সুরতহাল প্রতিবেদনে প্রস্তুত করান।
সুরতহাল প্রতিবেদনে উঠে আসে নৃশংসভাবে হত্যার বর্ণনা। পরে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়। এরপর ৩ ডিসেম্বর ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে মামলা করেন।
মামলার বরাত দিয়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন-নিহত শাহনাজ বেগম আগে খ্রিস্টান ছিল। মৌলভীবাজার আদালতে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার পিতার বাড়ির কোনো ঠিকানা নেই। পরবর্তীতে সে বাড়ি যেতে চাইলে তালাক দিয়ে যাওয়ার জন্য বলতেন। কিছুদিন পর তাকে বাড়িতে নিয়ে গেলে তার মা তাকে রাখতে চায় না, তাই ক্ষোভ থেকে তাকে হত্যা করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলাটি ২০২২ সালে অত্র আদালতে স্থানান্তর হলে ১০০ নাম্বার মূলে আদালতে বিচার শুরু হয়। চার্জগঠনের পর হত্যা মামলাটিতে ২২ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন রফিক আহমদ।
আজকের সিলেট/ডি/এসটি









