মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার দুইদিন পর লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লোকমান মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
রোববার সকাল ৯টার দিকে ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি গরু খুঁজতে রওনা হন লোকমান। তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে যান। এরপর থেকে দুই দিন লোকমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে হাকালুকি হাওরে পানিতে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোকমানের পরিবার সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে থানায় খবর দিলে থানাপুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, সকালে হাকালুকি হাওরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








