হবিগঞ্জের মাধবপুর উপজেলার শোয়াবই গ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের শোয়াবই গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মাজহারুল ইসলাম রাবিবর বাড়িতে তল্লাশি চালানো হয়। তিনি ওই গ্রামের জোনাব আলীর ছেলে।
সেনা সূত্রে জানা গেছে, মাদক ও অস্ত্র ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিবের বাড়িতে অভিযান চালানো হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এরপর তার ভাগ্নে রাবিবরের বাড়িতে অভিযান চালিয়ে বাথরুম থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার এসআই শাহনূর বলেন, "আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








