মৌলভীবাজার জেলার জুড়ী ও কমলগঞ্জ উপজেলার তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ২৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার সকালে কমলগঞ্জ থানার ওসি শামীম আখনজি বিষয়টি নিশ্চিত করে বলেন, পুশ-ইন হওয়াদের আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদেরও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে থানায় হস্তান্তর করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
বিজিবির মৌলভীবাজারের জুড়ীর রাজকি ও কমলগঞ্জের বিওপির সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এই পরিস্থিতিতেও সকালবেলা রাজকি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের দেখতে পেয়ে বিজিবির ৫২ ব্যাটালিয়নের সদস্যরা আটক করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে যায়।
অন্যদিকে, প্রায় একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ আরও ১৪ জনকে পুশ-ইন করে বিএসএফ। তাদেরও দেশের অভ্যন্তরে দেখতে পেয়ে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সদস্যরা আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।
জুড়ী থানার ওসি মোশেদুল আলম ভূঁইয়া বলেন, আটকরা এখনো বিজিবির হেফাজতে আছে। আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আটক ১০ জনকে থানায় নিয়ে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








