আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই : এম নাসের রহমান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৬ PM

আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই : এম নাসের রহমান

সংবাদদাতা

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০৮:৪৮:৩৭ AM

আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই : এম নাসের রহমান


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, এই দেশে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। এই দলটি ফ্যাসিস্ট। আওয়ামী লীগ মানেই দেশের মানুষের সম্পদ লুটেরা, চোর ও বাটপার। তবে একটা শর্তে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যেতে পারে। যদি তাদের দলটির নাম পরিবর্তন করে, বাংলাদেশ বাটপারলীগ রাখে। তাহলে রাজনীতি করার এই একমাত্র সুযোগ জনগণ দিতে পারে, এ ছাড়া আর কোনো সুযোগ নেই।

সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ মারা গেছে। এটার লাশও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এটি বেওয়ারিশ হিসেবে একসময় দাফন করা হবে। ফ্যাসিস্ট এই দলটি ছাত্র-জনতার বিপ্লবে মারা গেছে ৫ আগস্ট আর দাফন হবে ভারতে। সম্প্রতি এক নাবালক উপদেষ্টা বলেছে, আওয়ামী লীগের যারা অন্যায়-অবিচার করেনি তারা মাফ চেয়ে রাজনীতি করতে পারবে। এখন বলেন, তাদের নেত্রী খুনি হাসিনা ১৪শ মানুষ হত্যা করেছে, দেড় হাজার মানুষকে গুম-খুন করেছে। লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। এখন কে আওয়ামী লীগকে মাফ করবে? কারা মাফ করবে? আওয়ামী লীগের একমাত্র জায়গা হলো ফাঁসি।

তিনি আরও বলেন, বাংলাদেশ বাটপারলীগ তাদের পকেটের উন্নয়ন করতে দেশের টাকা ইন্ডিয়ায়, লন্ডনে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় পাচার করে নিয়ে গেছে। আর এই চোরদের বিচারের জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ। খুনি হাসিনার বিচারের রায় জনগণ চায়। তার অপরাধের জন্য একবার নয় কয়েশবার ফাঁসি হওয়া উচিত। তার এক হাজারবার ফাঁসি হওয়া উচিত।

তিনি আরও বলেন, মৌলভীবাজারে রাতের ভোটের ভুয়া এমপির আগে ছিল টিনশেডের ঘর। এখন নাকি পাঁচতলা দুটি দালান বানিয়েছেন। আলাদিনের চেরাগ পেলেন নাকি? এসব জনগণের সম্পদ লুটপাট আর চুরির টাকা। বিএনপি দেশের মানুষের উন্নয়ন নিয়ে কাজ করে। আর ওই বাটপারলীগ তাদের পকেটের উন্নয়ন নিয়ে কাজ করেছিল।

চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহেল বকসের সভাপতিত্বে ও সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, সাবেক সহসভাপতি আয়াছ আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর