হবিগঞ্জের বাহুবল উপজেলার বালিচাপাড়া গ্রামে ছাগল সবজি খাওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুল ছাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আব্দুল ছাত্তার ওই গ্রামের মৃত আবুল হোসেন এর পুত্র। এ ঘটনায় রোকেয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগমের ছাগল প্রতিবেশী আলতা মিয়ার সবজি জমিতে গিয়ে সবজি খায়। এর পর, উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আলতা মিয়ার ছোট ভাই আব্দুল ছাত্তার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে রোকেয়া বেগম নামে এক নারীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
সংবাদদাতা 








