সিলেট নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৯, আটক ৫৪ যানবাহন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ PM

সিলেট নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৯, আটক ৫৪ যানবাহন

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০২:৪৫:৩৩ PM

সিলেট নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৯, আটক ৫৪ যানবাহন


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসএমপি। নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারযোগ্য ব্যক্তিদের এ সময় আটক করা হয়।

পুলিশের অভিযানে ভারতীয় ও বিদেশি বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট, ৪২০ কেজি ভারতীয় আম, ৫২ কেজি ভারতীয় কিউই ফল এবং ১৮১ বোতল বিদেশি মদ।

অন্যদিকে, নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের পরিচালিত অভিযানে ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৪টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। নিরাপদ সিলেট গড়ার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর