হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত বিষয়ক এক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা। এ সভায় স্থানীয় জনগণ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, দফাদার, সমাজসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভাটি বুধবার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুস ছালাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির কারিগরি সহায়তায় গ্রাম আদালতকে শক্তিশালী করার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সভার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে আইনগত প্রক্রিয়াকে সহজ করা এবং স্থানীয় জনগণের আইনি সচেতনতা বৃদ্ধি করা। সভায় গ্রাম আদালত কার্যক্রম এবং সচেতনতা বিষয়ে উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) তুলি মিনা পারভীন গ্রাম আদালতের কার্যক্রম তুলে ধরেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত সমাধান দেওয়ার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও, গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং গ্রাম্য নাটকের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম চিত্রিত করা হয়, যাতে স্থানীয়রা পরিষ্কার ধারণা লাভ করতে পারেন।
সভায় বক্তব্য রাখেন সদর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার লাকি আক্তার, তাজুল ইসলাম মেম্বার, খলিল মিয়া মেম্বার, খলিলুর রহমান মেম্বার, সোহেল খান মেম্বার, জলফু মিয়া, আব্দুল আজিজ, সিরাজ মিয়া, সুজন মিয়া, আব্দুস শহিদ, দফাদার মাহফুজ মিয়া প্রমুখ। বক্তারা স্থানীয় পর্যায়ে আইনি সেবা সহজলভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রম আরো প্রসারিত করার আহবান জানান।
গ্রাম আদালত বিষয়ক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা স্থানীয় জনগণের মধ্যে আইনি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা সমাধানের প্রক্রিয়া আরো সহজ করতে সাহায্য করবে বলে বক্তারা আশা প্রকাশ করেছেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








