ফিরছে ‘থ্রি ইডিয়টস’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫২ PM

ফিরছে ‘থ্রি ইডিয়টস’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১২:০৬:৩৯ PM

ফিরছে ‘থ্রি ইডিয়টস’


বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে নতুন তথ্য দিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, নতুন সিনেমায় প্রায় দুই দশক পরের বাস্তবতায় আগের চলচ্চিত্রের পরিচিত চরিত্রগুলোকেই দেখা যাবে।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি বলেন, ‘সব একই চরিত্র। এটি সময়ের একটি বড় লাফের মতো। আমরা দেখব, তারা এখন কী করছে।’

হিরানি জানান, এটি মূলত ‘২০ বছর পরের থ্রি ইডিয়টস’। সময়ের সঙ্গে চরিত্রগুলো বড় হয়েছে, বদলেছে তাদের জীবনও। তারা আর কলেজে নেই; প্রত্যেকে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত। কেউ বিবাহিত, কারো সন্তানও রয়েছে। নতুন সিনেমাতে সেই চরিত্রগুলোর বর্তমান জীবন ও তাদের সামনে আসা নতুন চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।

সিক্যুয়েলের অগ্রগতি সম্পর্কে হিরানি বলেন, চিত্রনাট্য এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমির খান গল্পের খসড়া শুনেছেন এবং পছন্দও করেছেন। তবে এখনো অনেক কাজ বাকি। গল্প চূড়ান্ত করতে তিনি ও চিত্রনাট্যকার অভিজাত জোশি বর্তমানে মুম্বাইয়ের বাইরে অবস্থান করছেন। আগামী দুই মাসের মধ্যে প্রকল্পটির ভবিষ্যৎ সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র। শিক্ষাব্যবস্থা, সামাজিক চাপ এবং সাফল্যের প্রচলিত ধারণাকে ব্যঙ্গাত্মক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা সিনেমাটি এখনো দর্শকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর