পর্দার ঘনিষ্ঠ দৃশ্যের প্রভাব প্রেমের জীবনেও পড়েছিল: এমি রসম
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ PM

পর্দার ঘনিষ্ঠ দৃশ্যের প্রভাব প্রেমের জীবনেও পড়েছিল: এমি রসম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৯:৪০:১৫ AM

পর্দার ঘনিষ্ঠ দৃশ্যের প্রভাব প্রেমের জীবনেও পড়েছিল: এমি রসম


‘শ্যামলেস’ ধারাবাহিকে ফিওনা গ্যালাঘার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এমি রসম। তবে চরিত্রটির জন্য করা ঘনিষ্ঠ ও নগ্ন দৃশ্য শুধু তার অভিনয়জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও নানা জটিলতা তৈরি করেছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমি রসম জানান, ধারাবাহিকে তাকে যেভাবে দেখা গেছে, তা দেখে অনেক পুরুষ তার ব্যক্তিগত জীবন ও যৌনতা সম্পর্কে আগেই নানা ধারণা করে নিতেন। ফলে নতুন কোনো সম্পর্কে জড়ানোর সময় তাকে এসব পূর্বধারণার মুখোমুখি হতে হতো।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি যাদের সঙ্গে বাইরে যেতাম, তাদের সবারই ধারণা ছিল আমি আসলে কেমন বা যৌনতার ক্ষেত্রে আমি কেমন।’

একটি বিশেষ ঘটনার কথাও তুলে ধরেছেন এমি। তিনি জানান, এক ব্যক্তি ভবিষ্যতে রাজনীতিতে আসতে চেয়েছিলেন। কিন্তু তার সঙ্গে সম্পর্কে জড়ালে সেটি ভবিষ্যতে ওই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে কি না, সে বিষয়েও তিনি চিন্তিত ছিলেন।

এমির ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি তাকে জানতে চেয়েছিলেন পর্দায় যেভাবে তাকে দেখা গেছে, এমন একজনের সঙ্গে সম্পর্ক থাকলে ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে কি না। বিষয়টি অভিনেত্রীর কাছে অদ্ভুত লেগেছিল।

মাত্র ২৪ বছর বয়সে ‘শ্যামলেস’-এ অভিনয় শুরু করেন এমি রসম। তার মতে, ওই সময় একজন তরুণ অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় ও শিল্পীসত্তা তৈরি করার পাশাপাশি তাকে ঘিরে তৈরি মানুষের নানা পূর্বধারণার সঙ্গেও লড়াই করতে হয়েছে।

এমি মনে করেন, একজন শিল্পীর শরীরও তার শিল্পের অংশ। কিন্তু দর্শকেরা অনেক সময় পর্দার চরিত্রের সঙ্গে অভিনেতা বা অভিনেত্রীর বাস্তব জীবনকে মিলিয়ে ফেলেন। আর সেখান থেকেই তৈরি হতে পারে ভুল ধারণা।

‘শ্যামলেস’-এ অভিনয়ের আগে বড় পর্দায়ও পরিচিতি তৈরি করেছিলেন এমি রসম। ‘দ্য ডে আফটার টুমরো’, ‘মিস্টিক রিভার’ ও ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন এই অভিনেত্রী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর