বড় পর্দায় দীঘির ফেরার অপেক্ষা, অনিশ্চয়তায় ‘বিদায়’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২০ PM

বড় পর্দায় দীঘির ফেরার অপেক্ষা, অনিশ্চয়তায় ‘বিদায়’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১১:০৭:২৭ AM

বড় পর্দায় দীঘির ফেরার অপেক্ষা, অনিশ্চয়তায় ‘বিদায়’


শিশুশিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা আর তারকাখ্যাতি দুটিই পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। দীর্ঘদিন বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে না তাঁকে। এর মধ্যে তাঁর অভিনীত ‘বিদায়’ সিনেমার মুক্তিও বারবার পিছিয়ে যাওয়ায় দীঘির পর্দায় ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

২০২১ সালে নায়িকা হিসেবে অভিষেকের পর এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্যের দেখা পাননি দীঘি। ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পায় রেজাউর রহমান পরিচালিত ‘৩৬-২৪-৩৬’। তবে সিনেমাটি দর্শকমহলে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায়ও অভিনয় করেন তিনি। কিন্তু সেখানে তাঁর চরিত্রের ব্যাপ্তি ছিল সীমিত। ফলে বড় পর্দায় দীঘিকে কেন্দ্রীয় চরিত্রে দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকেরা।

এই পরিস্থিতিতে ‘বিদায়’ সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো পরিচিত অভিনয়শিল্পীরা। কিন্তু নানা কারণে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

প্রথমে গত বছরের দুর্গাপূজায় ‘বিদায়’ মুক্তির পরিকল্পনা ছিল। তবে কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চলতি বছরের কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেন পরিচালক হৃদয়। কিন্তু তাতে সম্মতি দেননি প্রযোজক শাহরিন সুলতানা সুমি। এ সময় সিনেমার কিছু অংশের শুটিং বাকি থাকার কথাও শোনা যায়।

এরপর সেপ্টেম্বরের শুরুতে আবারও খবর ছড়ায়, আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে পারে ‘বিদায়’। কিন্তু মুক্তিকে সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু না হওয়ায় তৈরি হয় সংশয়। শেষ পর্যন্ত প্রযোজক সুমি জানিয়েছেন, এই দুর্গাপূজাতেও মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

প্রযোজকের ভাষ্য অনুযায়ী, সিনেমাটির একটি গানের চিত্রায়ন এখনো বাকি। গানটির শুটিং বিদেশে করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সব কাজ শেষ হলে আগামী বছরের কোনো এক সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন তাঁরা। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

‘বিদায়’ ছাড়াও নতুন কোনো সিনেমায় দীঘির যুক্ত হওয়ার খবর আপাতত সামনে আসেনি। চলতি বছরের শুরুর দিকে সুমন ধরের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে সেই কাজ নিয়েও পরে আর তেমন কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে অভিনয়ের বাইরে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই সময় দিচ্ছেন দীঘি। শিশুশিল্পী হিসেবে যাঁর অভিনয়জীবন শুরু হয়েছিল ব্যাপক পরিচিতি ও সাফল্যের মধ্য দিয়ে, তাঁর বড় পর্দায় অনুপস্থিতি তাই ভক্তদের মনে প্রশ্ন তৈরি করছে কবে আবার নিয়মিতভাবে সিনেমায় দেখা যাবে তাঁকে?

দীঘির প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা দর্শকদের আশা, নতুন কোনো কাজের মধ্য দিয়ে আবারও নিজের চেনা অভিনয়জগতে ছন্দ ফিরে পাবেন এই অভিনেত্রী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর