৬৬ কোটি টাকার সড়কে খানাখন্দ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ PM

দুই বছর ধরে দুর্ভোগে আজমিরীগঞ্জের মানুষ

৬৬ কোটি টাকার সড়কে খানাখন্দ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৬ ১০:১৯:৫৬ AM

৬৬ কোটি টাকার সড়কে খানাখন্দ


একসময় ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল সড়কটি। এখন সেই সড়কজুড়েই যেন দুর্ভোগের চিত্র কোথাও ছোট-বড় গর্ত, কোথাও সেতুর গোড়ার মাটি সরে গেছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট গ্রাম থেকে শিবপাশা ইউনিয়নের সবুজগঞ্জ বাজার পর্যন্ত ১০ দশমিক ২৫ কিলোমিটারের এই সড়কে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন যাত্রী ও চালকেরা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে সড়কটির বিভিন্ন অংশের এমন বেহাল দশা থাকলেও তা সংস্কারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিনের যাতায়াত যেন পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ এক যাত্রায়। সড়কটি ব্যবহারকারী যাত্রীদের পাশাপাশি সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের চালকরাও পড়ছেন ভোগান্তিতে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের দিকে প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ শেষ হয়। পরে বিভিন্ন সময়ে সড়কের বিভিন্ন অংশের সেতু, সেতুর সংযোগ সড়ক এবং মূল সড়কের কয়েকটি অংশ সংস্কার করা হয়েছিল।

তবে বর্তমানে সদর ইউনিয়নের বিরাট ভাটীপাড়া গ্রামের অংশ থেকে শিবপাশা সবুজগঞ্জ বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও সেতুর গোড়ার মাটিও সরে গেছে। ফলে খানাখন্দে ভরা এই পথে প্রতিদিন ঝুঁকি নিয়েই যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে।

শিবপাশা ইউনিয়নের বাসিন্দা কাউসার মিয়া বলেন, সড়কটি ব্যবহার করেই তাঁকে প্রতিদিন উপজেলা সদরে যেতে হয়। কিন্তু সড়কের বর্তমান অবস্থার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

আরেক বাসিন্দা সুরান মিয়ার অভিযোগ, প্রায় দুই বছরের বেশি সময় ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও কর্তৃপক্ষের নজর নেই।

দুর্ভোগ শুধু যাত্রীদের নয়, সড়কের ভাঙাচোরা অবস্থার সরাসরি প্রভাব পড়ছে চালকদের ওপরও। সিএনজিচালক মাহবুব বলেন, সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের যন্ত্রাংশ প্রায়ই নষ্ট হচ্ছে। এতে দিনের উপার্জনের বড় অংশই পরিবহন মেরামতের পেছনে চলে যাচ্ছে।

তবে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা এলজিইডি। আজমিরীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটীপাড়া অংশ থেকে পশ্চিমভাগ বড় ব্রিজ পর্যন্ত সড়কটির ১০ দশমিক ১৫ কিলোমিটার মেরামতের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সড়কটির মেরামতকাজ শুরু করা হবে।

এদিকে সড়কটির সংস্কার না হওয়া পর্যন্ত প্রতিদিনের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে, সেটিই এখন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের প্রশ্ন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর