বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন স্বরা, দুইবার আইভিএফেও সফল হননি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ PM

বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন স্বরা, দুইবার আইভিএফেও সফল হননি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ১১:১৯:৫৩ AM

বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন স্বরা, দুইবার আইভিএফেও সফল হননি


বিয়ের আগেই মা হওয়ার ইচ্ছা ছিল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের। সেই ইচ্ছা পূরণে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির শুক্রাণু নিয়ে আইভিএফের মাধ্যমে সন্তানধারণের চেষ্টা করেছিলেন তিনি। তবে পরপর দুইবার চিকিৎসা নেওয়ার পরও সফল হননি। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ রিয়েলিটি শোয়ের দ্বিতীয় সিজনে নিজের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

স্বরা জানান, একসময় তাঁর বিয়ের কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু সে সময়ই মাতৃত্বের ইচ্ছা জাগে। তাই বিয়ে না হলেও একা মা হওয়ার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তিনি। বিষয়টি নিজের বাবা-মাকেও জানিয়েছিলেন।

তিনি বলেন, “বিয়ের আগেই মা হওয়ার ইচ্ছা জেগেছিল। তখন আমার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তাই ভেবেছিলাম, একা থাকার সিদ্ধান্ত নিলেও মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হব না। এই কথা আমি আমার বাবা-মাকেও জানিয়েছিলাম। প্রথমে তাঁরা কিছুটা অবাক হয়েছিলেন। তাঁরা আমাকে বুঝিয়ে বলেছিলেন, ‘ভারতের মতো দেশে বিয়ের আগে বা একা এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুব কঠিন হবে।’ তবে আমার জেদ দেখে শেষ পর্যন্ত তাঁরা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন।”

এরপর মাতৃত্বের উদ্দেশ্যে আইভিএফ চিকিৎসা নেন স্বরা। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির শুক্রাণু নিয়ে সন্তানধারণের চেষ্টা করেন তিনি। তবে দুই দফা আইভিএফ করিয়েও কাঙ্ক্ষিত ফল পাননি।

অভিনেত্রীর ভাষায়, ‘মা হওয়ার ইচ্ছা থেকে আইভিএফ করানোর কথা ভাবি। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির শুক্রাণু নিয়ে সন্তানধারণের চেষ্টা করি। পরপর দুইবার আইভিএফ করিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান ধারণ করতে পারিনি।’

পরে স্বরার জীবনে আসেন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমদ। ২০২০ সালে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী আন্দোলনের সময় দিল্লিতে তাদের প্রথম দেখা হয়। সেই পরিচয় গড়ায় বন্ধুত্বে, পরে বিয়েতে।

২০২৩ সালে স্বরা ভাস্কর ও ফাহাদ আহমদের ঘর আলো করে আসে একটি কন্যাসন্তান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর