দলের নীতিমালা বজায় রেখে বক্তব্য দেওয়ার নির্দেশ হেফাজত আমিরের
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২২ AM

দলের নীতিমালা বজায় রেখে বক্তব্য দেওয়ার নির্দেশ হেফাজত আমিরের

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৪ ১০:৫০:৩০ AM

দলের নীতিমালা বজায় রেখে বক্তব্য দেওয়ার নির্দেশ হেফাজত আমিরের


হেফাজত নেতাকর্মীদের বক্তব্য-বিবৃতিতে সাংগঠনিক নীতিমালা ও কর্মকৌশল অবলম্বনের নির্দেশ দিয়েছেন দলের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরি। 

শনিবার চট্রগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা জানান তিনি।

তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা, নীতি, আদর্শ ও কর্মকৌশল বজায় রেখে বক্তব্য বিবৃতি দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ করছি। কিছুদিন পূর্বে কতিপয় ব্যক্তি আমার কাছে এসে বাইআত নেওয়ার অনুরোধ করলে আমি তাদেরকে ইসলাহে নফস (আত্মশুদ্ধির) বায়আত করিয়েছি। সে মতে সবাইকে চলার অনুরোধ করছি। 

তিনি আরও বলেন, এ বছর ঈদুল ফিতর সারা বিশ্বের মুসলিমদের জন্য খুশির বার্তা নিয়ে এলেও, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি ভিন্ন। টানা ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী-শিশুসহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু ঘটছে। প্রিয়জন হারানোর তীব্র বেদনা ও মানবিক সংকটসহ অনাহার-দুর্ভিক্ষ সেখানে এখন এক অসহনীয় বাস্তবতা। এই অবস্থার মাঝেই ফিলিস্তিনে এসেছে ঈদ। তারা সব ধ্বংস, কষ্ট, বেদনার মাঝেই ঈদ উদযাপন করেছেন। আমরা আশা করি, ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে ওআইসিসহ বিশ্ব মুসলিম উম্মাহ'র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পক্ষে প্রকৃত সমর্থন বাড়াতে সচেষ্ট হবেন।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান,আল্লামা খলিল আহমদ কাসেমি, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরি, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমি, মাওলানা আইয়ুব বাবুনগরি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মীর ইদরিস, মাওলানা হারুন ইজহার, মুফতি মুনির হুসাইন কাসেমি, মুফতি বশির উল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা তোফায়েল আহমাদ, মাওলানা এহসানুল হক প্রমুখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর