দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ AM

দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৭:০০:০৫ PM

দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা


এবার শারদীয় দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। পূজার নির্ধারিত দুই দিনের ছুটির সঙ্গে এক কর্মদিবসের ছুটি যোগ হলে সাপ্তাহিক ছুটিসহ এই টানা ছুটি কার্যকর হবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।

এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকার কথা। তবে এই দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ২২ অক্টোবর ছুটি ঘোষণার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রস্তাব অনুযায়ী, ২২ অক্টোবরের ছুটির বিপরীতে পরবর্তী একটি ছুটির দিনে, অর্থাৎ শনিবার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করার ব্যবস্থা রাখা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভাই নেবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অর্থাৎ, পূজার নির্ধারিত ছুটির মাঝের কর্মদিবসটিতে নির্বাহী আদেশে ছুটি যুক্ত হলে দুর্গাপূজাকে কেন্দ্র করে এবছর সরকারি চাকরিজীবীদের পাঁচ দিনের টানা ছুটি কার্যকর হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর