মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে দুর্ভোগ, তিন মাসেও লাগেনি ফ্যান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ AM

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে দুর্ভোগ, তিন মাসেও লাগেনি ফ্যান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৩:২৮:৫৫ PM

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে দুর্ভোগ, তিন মাসেও লাগেনি ফ্যান


হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ আনসার সদস্যের আবাসনে তিন মাসেও ফ্যানের ব্যবস্থা করা হয়নি। এর মধ্যে ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, ছাদ থেকে পানি চুঁইয়ে কক্ষে পড়ারও অভিযোগ রয়েছে। জরাজীর্ণ পরিবেশে গরম ও অস্বস্তির মধ্যে দিন কাটছে তাদের।

গত ১ জুলাই থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এসব আনসার সদস্য। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের একটি ভবনের চারটি কক্ষে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আনসার সদস্যদের জন্য নির্ধারিত আবাসিক ভবনের কক্ষগুলোর অবস্থা নাজুক। বিভিন্ন স্থানে দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। দেয়াল ও ছাদে রয়েছে স্যাঁতসেঁতে ভাব। কক্ষগুলোতে ফ্যান না থাকায় গরমের সময় দুর্ভোগ আরও বাড়ছে। বৃষ্টির সময় ছাদ চুঁইয়ে কক্ষের ভেতরে পানি পড়ার অভিযোগও করেছেন তারা।

এ পরিস্থিতিতে হতাশা প্রকাশ করলেও প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি আনসার সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে এমন পরিবেশে থাকতে হচ্ছে তাদের। দায়িত্ব পালনের পাশাপাশি আবাসনের ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, “বিগত ১৫ দিনে তো বৃষ্টি হয়নি। ছাদ চুঁইয়ে পানি পড়ল কীভাবে?”

আবাসন মেরামতের বিষয়ে তিনি বলেন, “এসব বিষয় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ দেখাশোনা করে। আনসারদের আবাসিক শেড মেরামতের জন্য তাদের কাছে চাহিদা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, বাজেট বরাদ্দ পাওয়ার পর কাজ করতে পারবে।”

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর