কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডে ৩৭ ব্যাংকের বিভিন্ন সেবা ব্যাহত
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ PM

কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডে ৩৭ ব্যাংকের বিভিন্ন সেবা ব্যাহত

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৯:৪২:৩৩ AM

কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডে ৩৭ ব্যাংকের বিভিন্ন সেবা ব্যাহত


কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম আপগ্রেড ও মাইগ্রেশন কার্যক্রমের কারণে দেশের ৩০টির বেশি ব্যাংকের প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকছে। ব্যাংকভেদে সময় ও সেবার ধরনে পার্থক্য থাকলেও এটিএম, কার্ড লেনদেন, ফান্ড ট্রান্সফার, ই-কমার্স ও বাংলা কিউআরসহ গুরুত্বপূর্ণ কিছু সেবা এতে ব্যাহত হবে।

ফলে জরুরি প্রয়োজনে টাকা তোলা, কার্ডে কেনাকাটা কিংবা অর্থ স্থানান্তরের প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা না থাকা গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

এনআরবিসি ব্যাংক, কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এসবিএসি ব্যাংক, ব্যাংক এশিয়া ও ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ইতোমধ্যে গ্রাহকদের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম মাইগ্রেশনের জন্য নির্দিষ্ট সময়ে কিছু সেবা বন্ধ থাকবে।


একটি ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউ-ক্যাশের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), ক্রেডিট ও প্রিপেইড কার্ডের লেনদেন এবং পিওএস সেবা বন্ধ থাকবে। তবে ডেবিট কার্ডসহ কিছু বিকল্প সেবা চালু থাকবে।

এনআরবিসি ব্যাংক জানিয়েছে, একই সময়ে তাদের এটিএম ও সিআরএম, ডেবিট-ক্রেডিট কার্ডের লেনদেন, ফান্ড ট্রান্সফার এবং বাংলা কিউআর সেবা সাময়িক বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার্থে এনআরবিসি প্ল্যানেট অ্যাপের মাধ্যমে বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফারের সুবিধা চালু থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সব ব্যাংকে একই ধরনের সেবা বন্ধ থাকছে না। কোথাও বিকল্প চ্যানেলে লেনদেনের সুযোগ থাকছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তা নাও থাকতে পারে। তাই কোন ব্যাংকের কোন সেবা কখন বন্ধ থাকবে, তা গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের বিজ্ঞপ্তি দেখে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কিউ-ক্যাশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৩৭টি ব্যাংক এই নেটওয়ার্কের আওতায় সেবা নিচ্ছে। ফলে একই সময়ে বিপুলসংখ্যক ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা সীমিত থাকায় এর প্রভাব পড়তে পারে বড় সংখ্যক গ্রাহকের ওপর। বিশেষ করে জরুরি সময়ে এটিএম থেকে টাকা তোলা, কার্ডে কেনাকাটা বা ফান্ড ট্রান্সফারের প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা না থাকলে ভোগান্তি বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে নেটওয়ার্কটির আওতাভুক্ত ব্যাংকগুলোর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে কিছু জানানো হয়নি। তবে ব্যাংকগুলোকে গ্রাহকদের আগেই নোটিশের মাধ্যমে বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থা নিতে পারবেন এবং ভোগান্তি কমানো সম্ভব হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর