সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত আরও ১৬৩ জনকে ভর্তি করা হয়েছে। তবে এই সময়ে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ৬ অক্টোবরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এ ছাড়া পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।
নতুন করে ১৬৩ জন ভর্তি হওয়ায় বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪১১ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে হামের সংক্রমণের চিত্রও বেশ উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের হিসাবে, ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮১ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৩৫৭ জন, সিলেটে ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত হামে আক্রান্তদের তালিকায় রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।
মৃত্যুর সংখ্যাও কম নয়। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হামে বিভাগে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সন্দেহভাজন হামে ১৭২ জন এবং নিশ্চিত হামে ১০ জন মারা গেছেন।
জেলাভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে সিলেটে ৭৩ জন। এরপর সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।
একদিকে প্রতিদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন, অন্যদিকে শত শত সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন। এর সঙ্গে চলতি বছরে হামে আক্রান্ত ও মৃত্যুর উল্লেখযোগ্য সংখ্যা যুক্ত হওয়ায় সিলেট বিভাগের সার্বিক হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি।
আজকের সিলেট/ জেকেএস









