জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় প্রায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)।
জেজিটিডিএসএল জানিয়েছে, সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ সময় বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশে থাকা সব শ্রেণির গ্রাহক এই সাময়িক সংকটের আওতায় থাকবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।
আজকের সিলেট/ জেকেএস









