বিশ্ব বসতি দিবসে সিলেটকে সবুজ ও পরিকল্পিত নগরী করার তাগিদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ AM

বিশ্ব বসতি দিবসে সিলেটকে সবুজ ও পরিকল্পিত নগরী করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৫:১৩:১৬ PM

বিশ্ব বসতি দিবসে সিলেটকে সবুজ ও পরিকল্পিত নগরী করার তাগিদ


দ্রুত নগরায়ণের সঙ্গে নিরাপদ আবাসন ও পরিবেশের ভারসাম্য নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিলেটকে বাসযোগ্য, সবুজ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কথা জানিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। ‘সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সিলেটে বিশ্ব বসতি দিবস ২০২৬-এর দুই দিনব্যাপী আয়োজন শুরু হয়েছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত কর্মসূচির প্রথম দিনে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন উড্ডয়ন, আলোচনা সভা এবং ইসিপিএসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সায়েম প্রধান শামীম (পিপিএম), গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু জাফর প্রিনঞ্চ, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক।

এ ছাড়া উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের পরিচালক মোঃ বদরুজ্জামান সেলিম এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো সাদিউর রহিম জাদিদ।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “স্মার্ট ও টেকসই সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, দ্রুত বর্ধনশীল নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। প্রতিটি নাগরিকের জন্য সর্বজনীন বাসস্থানের সুযোগ তৈরি এবং আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

কয়েস লোদী বলেন, “সিলেটকে একটি বাসযোগ্য, সবুজ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।”

আলোচনা সভায় বিশেষ অতিথিরা নগর পরিকল্পনার সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয়, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আবাসন সুবিধা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরে নগর উন্নয়নের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা প্রদর্শনের পাশাপাশি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বিশ্ব বসতি দিবসের এবারের আয়োজনের সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম যুক্ত রয়েছে।

আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও এতে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে নাস হোল্ডিং ভেঞ্চার বিডি লিমিটেড, বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জ।

পরিকল্পিত নগরায়ণ সম্পর্কে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনী। আয়োজকদের তথ্য অনুযায়ী, নগরায়ণসংশ্লিষ্ট ৩০টিরও বেশি ভাবনা ইতোমধ্যে জমা পড়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, নগর পরিকল্পনাবিদ, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর