হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৯। এ ঘটনায় মো. কাদের মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
আটককৃত মো. কাদের মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশরিয়া বাড়ি গ্রামের বাসিন্দা।
এসআরবি-৯ সূত্র জানায়, রোববার রাতে সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার প্রাইম হসপিটাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টারের সামনে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট জেলা থেকে একটি পিকআপে করে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছে।
সংবাদের ভিত্তিতে মাধবপুর পৌরসভার মহাসড়কে একটি টাওয়ারের বিপরীত পাশে চেকপোস্ট বসায় এসআরবি। কিছুক্ষণ পর নেভি ব্লু ও হলুদ রঙের একটি পিকআপ সেখানে এলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়।
এসআরবির উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে পালানোর চেষ্টা করেন কাদের মিয়া। এ সময় তাঁকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাঁর কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর তাঁর দেখানো স্থান অনুযায়ী পিকআপটির ইঞ্জিনের ওপর তল্লাশি চালানো হয়। সেখানে জিআই তার দিয়ে বিশেষ কৌশলে বাঁধা কালো পলিথিনের ভেতরে ৩৯টি কালো রঙের বায়ুরোধক পলি জিপার পাওয়া যায়। এসব জিপারের মধ্যে রাখা ছিল মোট ৭ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট।
পরে ইয়াবা ও পিকআপটি জব্দ করে কাদের মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করার পর উদ্ধার করা আলামতসহ তাঁকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








