সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩। এ ঘটনায় সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আগরগড়া সাকিনস্থ মৌড়াকুড়া কাদিরের পয়েন্ট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
এসআরবি-৯ সূত্র জানায়, ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা হাতে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক সবুজ মিয়া শান্তিগঞ্জ থানার কান্দিগাঁও এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজের কাছে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন তিনি। পরে তাঁর হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানিয়েছেন, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
এসআরবি-৯ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।
আজকের সিলেট/ জেকেএস









