চুনারুঘাটে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ PM

চুনারুঘাটে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৯:৩২:৩৬ AM

চুনারুঘাটে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২


হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-৯। এ সময় বিষু কর্মকার (৪২) ও নিপেশ সাঁওতাল (২২) নামে দুজনকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের পুরাতন হাইওয়ে রোডের চাকলাপুঞ্জি চা বাগানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার বিষু কর্মকার চুনারুঘাট উপজেলার চান্দপুর গ্রামের মৃত নেংরু কর্মকারের ছেলে। অপর ব্যক্তি নিপেশ সাঁওতাল একই গ্রামের মৃত বুদ্ধেশ্বর সাঁওতালের ছেলে।

এসআরবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট বাজার এলাকায় অবস্থান করছিল। ওই সময় গোপন তথ্যের ভিত্তিতে চাকলাপুঞ্জি চা বাগানের সামনে কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়।

পরে সেখানে অভিযান চালালে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযানিক দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন তারা। এরপর তাদের হেফাজত থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গ্রেফতার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এসআরবি জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে উদ্ধার করা গাঁজাসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর