শনিবার চতুর্থবার গণনা হবে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ PM

শনিবার চতুর্থবার গণনা হবে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০২:৩৫:৫৯ PM

শনিবার চতুর্থবার গণনা হবে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ


হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) আবার গণনা করা হবে। সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই কার্যক্রম হবে মাজারের দানবাক্স গণনার চতুর্থ দফা।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ৯টায় দানবাক্সের অর্থ গণনা শুরু হবে।

এর আগে তিনবার মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। প্রথম দফায় গত ২২ জুন নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এর সঙ্গে স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও ছিল। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত হওয়ায় প্রথম দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

দ্বিতীয় দফায় ১১ জুলাই দানবাক্স খোলা হয়। প্রথম গণনার ১৮ দিন পর অনুষ্ঠিত ওই কার্যক্রমে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।

সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে অর্থ গণনা করা হয়। সেবার নগদ অর্থের পরিমাণ ছিল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা ও রূপার অলঙ্কারও পাওয়া যায়।

তিন দফায় গণনা করা নগদ অর্থের হিসাবে এখন পর্যন্ত মাজারের তহবিলে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা জমা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে এসব অর্থ সংরক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের কার্যক্রমের মতো এবারও নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে দানবাক্সের অর্থ গণনা করা হবে। গণনা শেষে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রীর বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর