নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ PM

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৬:৩৯:৪৬ PM

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, নারীর অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে আসছে।

বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও উৎপাদনমুখী রাষ্ট্রচিন্তার যে ভিত্তি তৈরি করেছিলেন, তার অন্যতম লক্ষ্য ছিল জনগণের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সেই ধারায় নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্বও বিশেষভাবে উঠে আসে। সাবেক প্রধানমন্ত্রী আপোষহীননেত্রী  বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজকে রাষ্ট্র ও সমাজের মূলধারায় আরও দৃশ্যমান করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে নারীর শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক মর্যাদা বৃদ্ধির নানা উদ্যোগ দেশের নারী সমাজকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশকে আধুনিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে রাজনৈতিক রূপরেখা সামনে এনেছে, সেখানে নারী সমাজের সমঅধিকার ও মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। নতুন প্রজন্মের নারীদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তাদের রাষ্ট্র পরিচালনা ও জাতীয় উন্নয়নের অংশীদার করতে হবে।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের শুধু রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নয়, সমাজ পরিবর্তনের শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। নারীর নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করার দাবিতে মহিলা দলকে আরও সোচ্চার হতে হবে। বর্তমান সময়ে প্রযুক্তি ও অর্থনীতির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নারীদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। আগামী দিনের বাংলাদেশে নারীরা শুধু ঘর ও কর্মক্ষেত্রেই নয়, জাতীয় নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনাতেও সমানভাবে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।

সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভাবপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও মহিলা দল নেত্রী জলি পুরকায়স্থের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও  জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সিলেট জেলা মহিলা দলের সাবেক সভাপতি সালেহা কবির শেপী, সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, সাবেক সাংগঠনিক সম্পাদক পলিনা রহনান, সহ সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, মহিলা দল নেত্রী ফাতেমা বেগম সান্দানী, বিলকিস আক্তার, জান্নাত জামান চৌধুরী, রুশনারা বেগম, রিমা বেগম সহ জেলা মহিলা দলের বিভিন্ন স্বরের নেতৃবৃন্দ, জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর