র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নাম পরিবর্তন করে এখন থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে গ্যাজেট প্রকাশের পর বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন নামে যাত্রা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এই বাহিনী।
নতুন নামে কার্যক্রম শুরুর দিনেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দুই কিশোরী নৃত্যশিল্পীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি মুজাহিদকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে এসআরবি।
বুধবার দুপুরে র্যাব-৯ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক উয়িং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী পিএসসি, জিডি (পি)।
তিনি জানান, বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-৯ অধিনায়ক বলেন, ওই মামলার অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নতুন বাহিনীর কার্যক্রমের বিষয়ে তিনি জানান, পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধারে এসআরবিকে প্রধান ভূমিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে তথ্য সংগ্রহে জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণা চালানো হয়েছে।
তাজমিনুর রহমান চৌধুরী বলেন, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে।
অস্ত্র উদ্ধারের এই কার্যক্রমে সব সচেতন নাগরিকের পাশাপাশি বিশেষ করে সিলেট অঞ্চলের গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন এসআরবি-৯-এর অধিনায়ক।
আজকের সিলেট/ জেকেএস









