‘বিগ বস বাংলা’র তৃতীয় সিজনের ১৬তম দিনে এসে প্রতিযোগীদের মধ্যকার সম্পর্কের সমীকরণে নতুন টানাপোড়েন দেখা দিয়েছে। ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে অভিনেত্রী নন্দিনী দত্ত ও অভিনেতা জীতু কমলের মধ্যে তর্ক শুরু হয়। সেই উত্তেজনার প্রভাব পড়ে জীতু ও রাজবীরের বন্ধুত্বেও।
শো শুরুর পর থেকেই নন্দিনী দত্ত ও রাজবীরের ঘনিষ্ঠতা নিয়ে ঘরের অন্য প্রতিযোগীদের মধ্যে আলোচনা ছিল। এ নিয়ে প্রশ্ন উঠলেও নন্দিনী বরাবরই জানিয়েছেন, রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই বন্ধুত্বের। এর বাইরে অন্য কোনো সম্পর্কের বিষয় নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
কিন্তু সাম্প্রতিক ক্যাপ্টেন্সি টাস্কের সময় সেই সমীকরণেই নতুন মাত্রা যোগ হয়। রাজবীর কোন প্রতিযোগীর পক্ষে থাকবেন, তা নিয়ে আলোচনার সময় জীতু তাঁকে ‘ভালো ছেলে’ বলে উল্লেখ করেন। এরপর রাজবীরকে নিয়ে নন্দিনীর একটি আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে জীতুর সঙ্গে তাঁর তর্ক বেধে যায়।
বিতর্ক একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে নন্দিনী জীতুর অতীতের একটি ঘটনা সামনে আনেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে অতীতে জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্ব নেটমাধ্যমে আলোচনার বিষয় হয়েছিল। সেই পুরোনো প্রসঙ্গই বিগ বসের ঘরে আবার টেনে আনেন নন্দিনী।
পরিস্থিতিতে নন্দিনীর পাশে দাঁড়িয়ে জীতুর সঙ্গে সরাসরি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজবীর। এর পর থেকেই দুই বন্ধুর সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে বলে দেখা যাচ্ছে।
ফলে ক্যাপ্টেন্সির প্রতিযোগিতা ঘিরে তৈরি হওয়া বিরোধ এখন শুধু টাস্কের মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং পুরোনো বিতর্ক সামনে আসায় ‘বিগ বস বাংলা’র তৃতীয় সিজনের ঘরের পরিবেশ আরও নাটকীয় হয়ে উঠেছে।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








