আর্জেন্টিনা অধ্যায়ের ইতি, জাতীয় দল থেকে অবসরে মেসি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

আর্জেন্টিনা অধ্যায়ের ইতি, জাতীয় দল থেকে অবসরে মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ১০:০৫:২৭ AM

আর্জেন্টিনা অধ্যায়ের ইতি, জাতীয় দল থেকে অবসরে মেসি


লিওনেল মেসির জাতীয় দল ছাড়ার ঘোষণায় বিশ্ব ফুটবলে শেষ হলো ২১ বছরের এক বর্ণিল অধ্যায়। দীর্ঘ চিন্তাভাবনার পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির কিংবদন্তি অধিনায়ক। আবেগঘন বার্তায় মেসি বলেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মেসির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন তার ভক্তরা। একই সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পরিকল্পনাতেও এসেছে পরিবর্তন। আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে মেসিকে ঘিরে যে পরিকল্পনা করা হচ্ছিল, তার অনেকটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটিও হয়ে গেল স্মরণীয় এক বেদনার ম্যাচ। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের সেই ম্যাচই এখন রোজারিওর এই তারকার শেষ আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচিত হবে।

অবশ্য মেসিকে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা ছিল এএফএর। পরবর্তী আন্তর্জাতিক উইন্ডো ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এই সময়ে আর্জেন্টিনার সামনে চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে।

এর মধ্যে চীনে যাওয়ার পরিকল্পনাও ছিল আর্জেন্টিনার। কিন্তু মেসির অবসরের ঘোষণার পর সেই পরিকল্পনা আর বাস্তবায়নের সম্ভাবনা থাকছে না।

লিওনেল স্কালোনির দল অন্তত একটি ম্যাচ দেশের মাটিতে খেলবে এমন ধারণাও করা হচ্ছিল। তবে বিশ্বকাপের বিভিন্ন ঘটনার পর আর্জেন্টিনার ওপর আরোপিত ফিফার নিষেধাজ্ঞা এ পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

ফিফার নির্দেশনা অনুযায়ী, পরবর্তী দুটি হোম ম্যাচে সীমিত সংখ্যক দর্শক উপস্থিত থাকতে পারবেন। এর মধ্যে প্রথম ম্যাচটি স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজন করতে হবে। দ্বিতীয় ম্যাচের শাস্তি অবশ্য স্থগিত রাখা হয়েছে।

তবে এসব জটিলতার মধ্যেও আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দেশের মাটিতেই দর্শকদের সামনে মেসিকে বিদায় সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেটি হবে কি না, তা নির্ভর করছে মেসির ইচ্ছার ওপর।

এএফএ এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে মেসির অবসর ঘোষণার মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট আগামী কয়েক মাসের মধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলকে তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়া নতুন এক যুগে প্রবেশ করতে হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর