চা পাতা তুলতে বেরিয়ে আর ফেরা হলো না, ড্রেনে মিলল মীরা হাজরার মরদেহ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

চা পাতা তুলতে বেরিয়ে আর ফেরা হলো না, ড্রেনে মিলল মীরা হাজরার মরদেহ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০৩:০৬:১০ PM

চা পাতা তুলতে বেরিয়ে আর ফেরা হলো না, ড্রেনে মিলল মীরা হাজরার মরদেহ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা সংগ্রহ করতে গিয়ে গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হয়েছিলেন মীরা হাজরা। তবে রাতে নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় স্বজন ও সহকর্মীরা তাঁর সন্ধানে বের হন। একপর্যায়ে ভাড়াউড়া চা বাগানের একটি গভীর ড্রেনের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান তারা।

মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলের পাশেই চা পাতা বহনের বড় একটি পুটলি পড়ে থাকতে দেখা যায়।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা সংগ্রহের সময় গভীর ড্রেনটি লাফ দিয়ে পার হতে গিয়ে অসাবধানতাবশত সেখানে পড়ে যান মীরা হাজরা। এ সময় তাঁর মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার বোঝার নিচে তিনি চাপা পড়েন।

পুলিশের প্রাথমিক ধারণা, ড্রেনে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে মীরা হাজরার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর