বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক ঘুরে বক পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। পরে বক পয়েন্টে আয়োজিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের নতুন পথে এগিয়ে যাচ্ছে।
কলিমউদ্দিন আহমেদ মিলন আরও বলেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না; বরং হত্যা ও গুমের রাজনীতি চলেছে। সেই ফ্যাসিবাদের কবল থেকে দেশ এখন মুক্ত হয়েছে। তাঁর আশা, ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিবসহ বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








