সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা বিজিবি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
নিহত জামিল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তিনি সিপাহী নম্বর-১১৪১০১ হিসেবে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে দায়িত্ব পালন করছিলেন। গত ২২ আগস্ট তিনি ওই বিওপিতে যোগ দেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে কোনো একসময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে জামিল হাসান শিষ গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
ঘটনাস্থলে তখন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও উপস্থিত ছিলেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) এবং বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ ওয়াচ টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিজিবি সদস্য জামিল হাসান শিষ কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনাটি নিয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আজকের সিলেট/ জেকেএস
ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে 








