সিলেটে শুরু হলো নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ PM

সিলেটে শুরু হলো নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০২:৩৭:০৭ PM

সিলেটে শুরু হলো নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা


‘নজরুল বর্ষ’ উদ্যাপনকে কেন্দ্র করে সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার সিলেট নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপঙ্কর বিশ্বাস, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারূল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা।

বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সময়ের পরিবর্তনের সঙ্গে প্রাসঙ্গিকতা হারাননি। অসাম্প্রদায়িকতা, মানবতাবাদ, সাম্য ও বিদ্রোহের চেতনার পাশাপাশি তাঁর সৃষ্টিতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বিষয়ও গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, কবি নজরুলের সাহিত্য ও সংগীতে বৈচিত্র্যের ব্যাপক উপস্থিতি রয়েছে। পূজার গান থেকে গজল বিভিন্ন ধারার সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। এ কারণেই সর্বকাল ও সর্বস্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক।

বিভাগীয় কমিশনার আরও বলেন, জাতীয় কবিকে যথাযথভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নজরুলের সাহিত্য, দর্শন এবং অসাম্প্রদায়িক চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ‘নজরুল বর্ষ’ উদ্যাপন করা হচ্ছে।

তিনি জানান, এর অংশ হিসেবে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিন্ডারগার্টেনের শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরও এ আয়োজনের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

সিলেটে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক ও কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর