শাল্লায় বিষাক্ত সাপের ছোবলে নারীর মৃত্যু
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ PM

শাল্লায় বিষাক্ত সাপের ছোবলে নারীর মৃত্যু

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৪:৪১:৩৮ PM

শাল্লায় বিষাক্ত সাপের ছোবলে নারীর মৃত্যু


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে অঞ্জনা বৈষ্ণব (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামের টেঙ্গিয়ারহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের অজিত বৈষ্ণবের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজ ঘরে ঘুমের মধ্যে অঞ্জনা বৈষ্ণবকে ছোবল দেয় একটি বিষাক্ত সাপ। ছোবল খেয়ে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় তারা সাপটিকেও দেখতে পান বলে জানিয়েছেন। পরে গুরুতর অবস্থায় অঞ্জনা বৈষ্ণবকে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভেড়াডহর, মেলা, মুছাপুর ও মির্জাকান্দা এলাকায় সম্প্রতি সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রায়ই রাস্তাঘাট ও বসতবাড়ির আশপাশে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যাচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর